India Beat Australia. (Photo by Pankaj Nangia/Getty Images)
আহমেদাবাদে প্রতিশোধ নাকি পূণরাবৃত্তি। ১৯ নভেম্বর কী হবে সেই অপেক্ষাতেই এখন থেকে প্রমাদ গোনা শুরু করেছে সকলে। ২০০৩ সালে শেষবার বিশ্বকাপের ফাইনালে মুখোমুকি হয়েছিল ভারত ও অস্ট্রেলিয়া। কিন্তু সেই ফলাফল কোনও ভারতীয়ই মনে রাখতে চাইবে না। রিকি পন্টিং, ড্যামিয়েন মার্টিনদের দুর্ধর্ষ পারফরম্যান্সের দাপটের সামনে শেষ হয়ে গিয়েছিল ভারতীয় দলের বিশ্ব জয়ের স্বপ্ন। মাঝে কেটে গিয়েছে ২০ বছর। ফের একবার ওডিআই বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া। আর সেইসঙ্গেই প্রতিশোধের অপেক্ষায় অগুন্তী ভারতীয় সমর্থক।
বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফের একবার ওডিআই বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছে অস্ট্রেলিয়া। পাঁচবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন যেমন তারা হয়েছে। তেমনই সবচেয়ে বেশীবার বিশ্বকাপের ফাইনালেও উঠেছে অস্ট্রেলিয়া। শেষবার ২০১৫ সালে ঘরের মাঠে বিশ্বকাপ জিতেছিল অজি বাহিনী। আবারও একবার বিশ্বকাপের মঞ্চে পৌঁছেছে অস্ট্রেলিয়া। আর সেইসঙ্গেই অগুন্তী ভারতী. দেলর সমর্থক ২০ বছর আগের হারের সেই প্রতিশোধ নেওয়ার স্বপ্ন দেখা শুরু করেছে।
২০০৩ সালে এই অস্ট্রেলিয়ার কাছেই বিশ্বকাপ ফাইনাল হেরেছিল ভারত
জোহানেসবার্গের সেই ফাইনালে অস্ট্রেলিয়ার দাপটের সামনে মাথা তুলে দাঁড়াতে পারেনি ভারতীয় দল। প্রথমে ব্যাটিং করে ভারতের সামনে সেবার রানের পাহাড় তৈরি করেছিল রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়া। সেই রানের জবাবে নেমে সচিন তেন্ডুলকর থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় ব্যর্থ হয়েই সাজঘরে ফিরেছিলেন। বিরাট ব্যাবধানে বিশ্বকাপ জিতে সেবার ইতিহাস তৈরি করেছিল অস্ট্রেলিয়া। এরপর ২০১১ সালে ঘরের মাঠে নক আউট পর্বে অস্ট্রেলিয়াকে হারালেও, সেটা ছিল কোয়ার্টার ফাইনালের লড়াই। কিন্তু এবার ভারতের সামনে রয়েছে অস্ট্রেলিয়াকে ফাইনালের মঞ্চে হারানোর একটা সুযোগ।
আহমেদাবাদে এক লক্ষ দর্শকের সামনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামবে টিম ইন্ডিয়া। তাদের ঘিরে এখন থেকেই প্রত্যাশার পারদ চড়তে শুরু করেছে। সেইসঙ্গেই সকলের মনে জ্বলছে সেই ২০ বছর আগের ফাইনালে হারের আগুনও। একইসঙ্গে সেই প্রেক্ষাপটও যে এবার হুবুহু মিলে যাচ্ছে। শুধু দলের নাম দুটো বদলে গিয়েছে। ২০০৩ সালে গোটা প্রতিযোগিতায় অপরাজিত থেকে বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়া। এবারের বিশ্বকাপে এখনও পর্যন্ত অপরাজিত রয়েছে ভারত।
সেইসঙ্গে ২০০৩ সালে ভারত গোটা বিশ্বকাপে দুটো ম্যাচ হেরেছিল। একটি গ্রুপ পর্বে অস্ট্রেলিয়ার কাছে। আরেকটি ফাইনালে। এবারের বিশ্বকাপেও কিন্তু লিগ পর্বে তেমন ঘটনাই দেখা গিয়েছে। এবার ভারত হারেনি। টিম ইন্ডিয়ার কাছে কাছে লিগ পর্বের ম্যাচে হেরেছিল অস্ট্রেলিয়া। এমন মিল দেখার পর থেকেই যেন বদলার হিসাব নিকাশটা বাড়তে শুরু করেছে। এবারই ২০ বছর পুরনো সেই দগদগে ঘায়ে মলমের প্রলেপটা পড়তে চলেছে। ১৯ নভেম্বরই মিলবে সেই উত্তর।
The post আহমেদাবাদে প্রতিশোধ নাকি পূণরাবৃত্তি, ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচ ঘিরে চড়ছে পারদ appeared first on CricTracker Bengali.










